তৃতীয় লিঙ্গদের কম্পিউটার প্রশিক্ষণ দিচ্ছে বিসিসি

 তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের তত্ত্বাবধানে আয়োজিত ৩০ দিনব্যাপী ‘ইসেনশ্যাল কম্পিউটার স্কিল অ্যান্ড সফ্ট স্কিল অব কল সেন্টার অপারেশন ফর দি থার্ডজেন্ডার/ ট্র্যান্সজেন্ডার’ শীর্ষক এ প্রশিক্ষণে তৃতীয় লিঙ্গের ২০ জন অংশ নিচ্ছেন।

রোববার আগারগাঁওয়ে কম্পিউটার কাউন্সিল (বিসিসি) মিলনায়তনে এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার এ তথ্য জানিয়েছে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইসিটি বিভাগের সচিব মো. সামসুল আরেফিন জানান, তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণের মাধ্যমে ট্রান্সজেন্ডার জনগোষ্ঠীর সক্ষমতা উন্নয়নসহ বিভিন্ন কাজের উপযোগী করে গড়ে তোলাই এ প্রশিক্ষণের উদ্দেশ্য। কাউকে পেছনে ফেলে নয়, সবাইকে নিয়ে একসঙ্গে ২০৪১ সাল নাগাদ স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে এই কার্যক্রম সহায়ক ভূমিকা রাখবে।

বিসিসির নির্বাহী পরিচালক রণজিৎ কুমার জানান, ভবিষ্যতে প্রধান কার্যালয়ের পাশাপাশি বিসিসির সাতটি আঞ্চলিক কার্যালয়েও ট্রান্সজেন্ডার জনগোষ্ঠীকে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ দেওয়া হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রশিক্ষণ কার্যক্রমের সহযোগী প্রতিষ্ঠান বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির নির্বাহী পরিচালক মো. সালেহ আহমেদ, বিসিসির সচিব মো. রাশেদুল ইসলাম প্রমুখ।

এনবিএস/ওডে/সি

Walton Ads