ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এর উত্তাপ এখন পুরো ভারতজুড়ে। স্টেডিয়াম ভরছে দর্শকে, আর গ্যালারির উচ্ছ্বাসেই বোঝা যাচ্ছে খেলার জনপ্রিয়তা কতটা। তবে এবার খেলা দেখতে গিয়ে এক ভক্তের জীবনে নেমে এসেছে বড় ধরনের বিপদ।

স্টেডিয়ামে আইপিএল ম্যাচ দেখতে গিয়ে রিলস বানাতে গিয়ে লাখ টাকার আংটি হারিয়েছেন মধু প্রিয়া নামের এক নারী সমর্থক। তিনি পাঞ্জাব কিংসের ভক্ত এবং শ্রেয়াস আইয়ারের বড় ফ্যান হিসেবে পরিচিত। ম্যাচে তিনি শ্রেয়াস আইয়ারের নাম লেখা জার্সিও পরেছিলেন।

ঘটনাটি ঘটে ১১ এপ্রিলের ম্যাচে

এই ঘটনা ঘটে গত ১১ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদ ও পাঞ্জাব কিংসের ম্যাচ চলাকালীন। ম্যাচটি অনুষ্ঠিত হয় চন্ডিগড়ের মুলানপুর স্টেডিয়ামে।

সেখানে মধু প্রিয়া সোশ্যাল মিডিয়ার একটি ট্রেন্ডিং ভিডিও ফলো করতে গিয়ে সমস্যায় পড়েন। সেই ট্রেন্ডে সাধারণত ভিডিও করতে করতে আংটি আকাশে ছুঁড়ে দেওয়ার ভান করা হয়।

কিন্তু মজার ভিডিও বানাতে গিয়ে ঘটে বিপত্তি—তার আংটিটি আসলেই হাত থেকে পড়ে যায় এবং হারিয়ে যায়।

৭০ হাজার রুপি দামের আংটি হারিয়ে হতাশা

হারিয়ে যাওয়া আংটির মূল্য ছিল প্রায় ৭০ হাজার ভারতীয় রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ টাকার কাছাকাছি।

ঘটনার পর নিজের ইনস্টাগ্রামে ভিডিও শেয়ার করে মধু প্রিয়া লেখেন, “৭০,০০০ রুপির ক্ষতি হয়ে গেল। আংটিটি এখনও নিখোঁজ।”

তিনি আরও জানান, কেউ যদি স্টেডিয়ামে আংটিটি পেয়ে থাকেন, তাহলে তার সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করেন। পাশাপাশি প্রমাণ হিসেবে নিজের টিকিটের তথ্যও শেয়ার করার কথা বলেন।

ভিডিও ভাইরাল, নেটিজেনদের মিশ্র প্রতিক্রিয়া

তার এই ভিডিও দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। অনেকেই ঘটনাটিকে নিয়ে মজার মন্তব্য করেন।

কেউ লিখেছেন, “ট্রেন্ডটা ট্র্যাজেডিতে পরিণত হলো,” আবার কেউ মন্তব্য করেছেন, “৭০,০০০ রুপির রিল পড়ে গেল!”

তবে আংটি হারালেও মাঠের ম্যাচে তার প্রিয় দল পাঞ্জাব কিংস জয় নিয়েই মাঠ ছাড়ে।

 

news