ফ্রান্স ওপেনে সাবালেঙ্কার শুভসূচনা
বিশ্বের অন্যতম জনপ্রিয় টেনিস আসর ফ্রান্স ওপেন কোর্টে গড়িয়েছে। বছরের দ্বিতীয় এই গ্রান্ড স্লাম টেনিস টুর্নামেন্টে শুভসূচনা করেছেন চলতি বছরের অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন বেলারুশের আরিনা সাবালেঙ্কা।
রোববার প্রথম রাউন্ডের ম্যাচে সাবালেঙ্কা সরাসরি ৬-৩ ও ৬-২ সেটে মারতা কোসতিয়াককে পরাজিত করেন। ইউক্রেনের কোসতিয়াক বিশ্বের দুই নম্বর খেলোয়াড় সাবালেঙ্কার বিপক্ষে কোর্টে দাঁড়াতেই পারেন নি।
অন্যান্য ম্যাচে আর্জেন্টিনার নাদিয়া পোদরস্কা, পোল্যান্ডের ম্যাগদালিনা ফ্রেচ ও অস্ট্রেলিয়ার স্ট্রম হান্টার নিজ নিজ ম্যাচে জয়ী হয়ে দ্বিতীয় রাউন্ডে উঠছেন। পোদরস্কাও সরাসরি ৬-০ ও ৬-২ সেটে স্বাগতিক দেশের জেসিকা পনচেতকে হারিয়ে দেন। আর ফ্রেস সরাসরি ৬-১ ও ৬-১ সেটে বিশ্বের ৩০ নম্বর খেলোয়াড় চীনের শুই ঝাংকে পরাজিত করেন। বিশ্বের ২০২ নম্বর খেলোয়াড় অস্ট্রেলিয়ার স্ট্রম হান্টার তীব্র লড়াইয়ের পর ৪-৬, ৬-২ ও ৬-৪ সেটে স্পেনের পারিজাস দিয়াজকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডের টিকিট লাভ করেছেন।
ফ্রান্স ওপেনের ইতিহাসে ১২৭তম আসরে অংশ নিতে পারছেন না পুরুষ এককের বর্তমান চ্যাম্পিয়ন স্পেনের রাফায়েল নাদাল। ২০০৫ সালে প্রথম এই আসরে শিরোপা জেতার পর নাদাল আরো ১৩ বার ফ্রান্স ওপেনের ট্রফি জেতেন। তার অবর্তমানে ফ্রান্স ওপেন এবার কিছুটা হলেও সাদামাটা মনে হচ্ছে।
এনবিএস/ওডে/সি
