এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ২১ জুলাই, ২০২৫, ১১:০৭ পিএম
ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থী রাইসা মনি এখনো নিখোঁজ রয়েছে। সোমবার (২১ জুলাই) রাত সাড়ে ৮টা পর্যন্ত তার কোনো খোঁজ মেলেনি।
রাইসা মনির বাড়ি ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বাজড়া গ্রামে। তার বাবা শাহাবুল শেখ ঢাকার মিরপুরে বসবাস করেন এবং পেশায় একজন ব্যবসায়ী। মাইলস্টোন স্কুলে রাইসা কোড-২০১০, সেকশন-স্কাই-এর ছাত্রী।
নিখোঁজ রাইসার চাচাতো ভাই তারিকুল শেখ জানান, দুর্ঘটনার পর থেকে আমরা বিভিন্ন হাসপাতালে এবং আশপাশে অনেক জায়গায় খোঁজ করেছি, কিন্তু তার কোনো খোঁজ পাচ্ছি না। এখনো আমরা জানি না সে বেঁচে আছে কি না, কোথায় আছে—জানার জন্য ছুটছি হাসপাতালে হাসপাতালে।
বিমান বিধ্বস্ত হওয়ার সময় ভবনের একটি অংশ ভেঙে পড়ে এবং তাতে আগুন ধরে যায়। অনেক শিক্ষার্থী দগ্ধ ও আহত অবস্থায় উদ্ধার হলেও এখনো কয়েকজনের সন্ধান মেলেনি। নিখোঁজ রাইসার পরিবার তার সন্ধানে সকলের সহযোগিতা চেয়েছে।
এই দুর্ঘটনা পুরো জাতিকে নাড়া দিয়েছে, বিশেষ করে অভিভাবকরা তাদের সন্তানের নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগে রয়েছেন।