ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রধান স্টাফ আন্দ্রে ইয়েরমাক পদত্যাগ করেছেন। দুর্নীতি দমন সংস্থা এনএবিইউ  তাঁর বাড়িতে অনুসন্ধান চালানোর পর এবং জ্বালানি কোম্পানি এনর্গোয়াটম -কে ঘিরে বড় দুর্নীতি কেলেঙ্কারিতে তাঁর নাম উঠে আসায়, চাপের মুখে তিনি এই পদত্যাগ করেন। গত শুক্রবার প্রেসিডেন্ট জেলেনস্কি তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেন।

জেলেনস্কির সবচেয়ে ঘনিষ্ঠ সহযোগী ও বিশ্বস্ত পরামর্শদাতার এই পদত্যাগ তাঁকে আরও বড় ধরনের রাজনৈতিক চাপের মুখে ফেলেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের শান্তি প্রস্তাব নিয়ে ইতোমধ্যে অস্বস্তির মধ্যে থাকা জেলেনস্কির জন্য এটি নতুন উদ্বেগের সংকেত। উল্লেখ্য, এই ইয়েরমাকই ছিলেন রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনার প্রধান মুখ।

দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেবেন—এই প্রতিশ্রুতি দিয়েই ক্ষমতায় এসেছিলেন জেলেনস্কি। কিন্তু তাঁর প্রধান সহযোগীর বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ ওঠায় তাঁর রাজনৈতিক এজেন্ডা দুর্বল হয়ে পড়তে পারে। এর ওপর পশ্চিমা দেশগুলো যুদ্ধের সময় ইউক্রেনকে যে বিপুল সামরিক ও আর্থিক সহায়তা দিচ্ছে, তারা বারবার একটি দুর্নীতিমুক্ত প্রশাসন দেখতে চেয়েছে। ফলে এই কেলেঙ্কারি আন্তর্জাতিকভাবে ইউক্রেনকে বিব্রত করছে।

এর মধ্যেই রুশ হামলার কারণে ইউক্রেনের ছয় লাখের বেশি মানুষ বিদ্যুৎবিহীন হয়ে পড়েছেন। জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। শুধু রাজধানী কিয়েভেই পাঁচ লাখের বেশি মানুষ বিদ্যুৎহীন অবস্থায় আছেন। শুক্রবার রাতের এই হামলায় তিনজন নিহত হন এবং ১৩ বছর বয়সী এক শিশুসহ অন্তত এক ডজন মানুষ আহত হন।

ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, প্রায় ৬০০ ড্রোনের মধ্যে তারা ৫৫৩টি ভূপাতিত করেছে। শীত শুরু হওয়ার আগেই রাশিয়া জ্বালানি এবং বেসামরিক স্থাপনাগুলোতে আক্রমণ আরও জোরদার করেছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তারা সামরিক-শিল্প কমপ্লেক্স এবং সহায়ক জ্বালানি স্থাপনাগুলোতে ব্যাপক হামলা চালিয়েছে।

 

Walton Ads