ঢাকার উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানি ও অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
সোমবার (২১ জুলাই) দুপুরে এ মর্মান্তিক দুর্ঘটনার খবর পেয়ে রাষ্ট্রপতি এক শোকবার্তায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি, দুর্ঘটনায় আহতদের দ্রুত সুস্থতা কামনাও করেন তিনি।
প্রসঙ্গত, সোমবার দুপুর ১টা ১৮ মিনিটে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর এফ-৭ বিজেআই মডেলের একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিমানটি যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে স্কুলের ভবনে আছড়ে পড়ে। সঙ্গে সঙ্গে বিমানটিতে আগুন ধরে যায়, এবং মুহূর্তেই চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেক শিক্ষার্থী ও কর্মী। তাদের মধ্যে দগ্ধ অন্তত ৭০ জনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে বেশিরভাগই ছাত্রছাত্রী, যাদের শরীরের বিভিন্ন অংশ মারাত্মকভাবে পুড়ে গেছে।
এদিকে দুর্ঘটনাস্থলে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও পুলিশের যৌথ উদ্ধার অভিযান চলমান রয়েছে। উদ্ধারকাজে সহায়তা করতে বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ দলও ঘটনাস্থলে পৌঁছেছে।
